অস্ট্রেলিয়ার রটনেস্ট দ্বীপে সি-প্লেন দুর্ঘটনায় নিহত পাইলট এবং দুই আন্তর্জাতিক পর্যটকের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত পাইলটের নাম জেমস ওং।
জেমস ওং ছিলেন একজন অভিজ্ঞ সি-প্লেন পাইলট। তিনি এর আগে কিম্বারলির হরাইজন্টাল ফলস সি-প্লেন অ্যাডভেঞ্চারস, কুইন্সল্যান্ডের হ্যামিল্টন আইল্যান্ড এয়ার এবং এয়ার হুইটসানডে সি-প্লেনস-এ কাজ করেছেন।
মঙ্গলবার রটনেস্ট দ্বীপের থমসন বে এলাকায় take-off করার পরপরই প্লেনটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় প্লেনে ছয়জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে একজন ৬৫ বছর বয়সী সুইস নারী এবং ৬০ বছর বয়সী ডেনিশ পুরুষ নিহত হন।
অপরদিকে, পশ্চিম অস্ট্রেলিয়ার এক দম্পতি এবং একজন ৬৩ বছর বয়সী সুইস পুরুষ ও ৫৮ বছর বয়সী ডেনিশ নারী প্রাণে বেঁচে যান। তবে তাদের বিভিন্ন মাত্রার আঘাত লেগেছে।
স্বান রিভার সি-প্লেনস-এর পরিচালক ক্রিস্টি বেইলি এক বিবৃতিতে জানান, পাইলট জেমস ওং-এর মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত।
তিনি বলেন, “জেমস ছিলেন একজন মেধাবী এবং নিবেদিতপ্রাণ পাইলট। আমাদের টিমের একজন অমূল্য সদস্য ছিলেন তিনি। এই শোকের সময়ে তার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের প্রতি আমাদের সমবেদনা জানাই।”
এছাড়া তিনি নিহত দুই যাত্রীর পরিবার ও আহতদের প্রতিও গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
দুর্ঘটনার কারণ তদন্তে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো কাজ করছে।
মোহাম্মদ নাসিম 














