যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জেটব্লু এয়ারলাইন্স এর একটি বিমানের ল্যান্ডিং গিয়ারে দুই ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। ফ্লোরিডার ফোর্ট লডারডেল-হলিউড আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।
জানা গেছে, নিউইয়র্ক থেকে ফ্লোরিডায় আসা ফ্লাইটটির রুটিন পরিদর্শনের সময় বিমানের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তবে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
বিমান সংস্থা জেটব্লু জানিয়েছে, কীভাবে ওই দুই ব্যক্তি বিমানে প্রবেশ করেছিল এবং সেখানে কী ঘটেছিল, তা নিয়ে তদন্ত চলছে।
এই বিষয়ে ব্রোয়ার্ড শেরিফের অফিস ও মেডিকেল পরীক্ষকেরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে লুকিয়ে ভ্রমণের এই প্রচেষ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে অক্সিজেনের অভাব, প্রচণ্ড ঠান্ডা, এবং পিষ্ট হওয়ার ঝুঁকি থাকে, যা প্রায়ই প্রাণঘাতী হয়ে ওঠে।
এই মর্মান্তিক ঘটনাটি অনেককে নাড়া দিয়েছে, এবং অনেকে অভিবাসন সংকট ও নিরাপত্তা ঘাটতির বিষয়টিকে সামনে এনেছেন।
মোহাম্মদ নাসিম 









