ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের বন্দেখালী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের সংঘর্ষ থামাতে গিয়ে এক প্রতিবেশী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে গ্রামের লাকির মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সুফী শেখ (৩২)। তিনি মৃত নওয়াব আলীর ছেলে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, একই গ্রামের মোবারক জোয়াদ্দারের ছেলে ইদ্রিস আলীর সঙ্গে তার ভাই শাকেন আলীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে ইদ্রিস আলী বিরোধপূর্ণ জমি দখল করতে গেলে শাকেন আলী ও তার পরিবারের লোকজন বাধা দেন। এতে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এ সময় প্রতিবেশী সুফী শেখ মারামারি থামাতে এগিয়ে গেলে ইদ্রিস আলী তাকে কুপিয়ে গুরুতর আহত করেন। এ ঘটনায় আরও তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। পরে সুফী শেখের অবস্থা সংকটাপন্ন হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আল মামুন 













