ভাষার মাস ফেব্রুয়ারি ঘিরে নানা আলোচনা-সমালোচনা ও তারিখ পরিবর্তনের পর আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে অমর একুশে বইমেলা–২০২৬। তিন দফা তারিখ পরিবর্তন এবং প্রকাশকদের দাবিকে কেন্দ্র করে বিতর্ক থাকলেও শেষ পর্যন্ত প্রস্তুত হয়েছে মেলা প্রাঙ্গণ। পবিত্র মাহে রমজান উপলক্ষে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। নিরাপত্তায় তিন স্তরের বলয় গড়ে তুলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গত বছরের ১৮ সেপ্টেম্বর বাংলা একাডেমি ঘোষণা দেয়, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও রমজানের কারণে ডিসেম্বর থেকে মেলা আয়োজন করা হবে। পরে প্রকাশকদের দাবির মুখে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। লেখক, প্রকাশক ও ছাত্রনেতাদের নিয়ে গঠিত পরিচালনা কমিটি প্রথমে ২০ ফেব্রুয়ারি শুরুর সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে বৈঠকের মাধ্যমে ২৫ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করা হয়। প্রধানমন্ত্রীর সময়সূচির কারণে একদিন পিছিয়ে ২৬ ফেব্রুয়ারি থেকে মেলা শুরুর সিদ্ধান্ত হয়। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সরেজমিনে দেখা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে ইট বিছানো হাঁটার রাস্তা তৈরি করা হয়েছে। স্টল নির্মাণ প্রায় শেষ। প্রকাশকরা নিজ নিজ স্টল সাজাতে ব্যস্ত।
এ বছর সরকারি-বেসরকারি মিলিয়ে ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৪৬৮টি প্রতিষ্ঠানসহ মোট ১০১৮টি ইউনিট রয়েছে। ৮৭টি লিটলম্যাগ স্টল পেয়েছে। শিশুচত্বরে রয়েছে ৬৩টি প্রতিষ্ঠান ও ১০৭টি ইউনিট।
রমজান মাসে মেলা হওয়ায় ইফতার, নামাজ ও অজুর বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। রাত সাড়ে ৮টার পর নতুন দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না।
রমজানে মেলা আয়োজন নিয়ে ভিন্নমত রয়েছে প্রকাশকদের মধ্যে। কেউ একে ইতিবাচক হিসেবে দেখছেন, কেউ ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা করছেন।
নিরাপত্তা বিষয়ে ডিএমপি জানিয়েছে, ২৪ ঘণ্টা মনিটরিং থাকবে। কন্ট্রোল রুম থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি তদারকি করবেন। ইউনিফর্মধারী পুলিশ ছাড়াও সাদা পোশাকের সদস্য, ডিবি, সিটিটিসি, বোম্ব ডিসপোজাল ইউনিট ও সোয়াট প্রস্তুত থাকবে।
ট্রাফিক বিভাগ পৃথক পরিকল্পনা নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভারী যান চলাচলে বিধিনিষেধ থাকবে। নির্ধারিত স্থানে পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। নো-পার্কিং জোনে ব্যবস্থা নেওয়া হবে।
মেলা প্রাঙ্গণ পলিথিন ও ধূমপানমুক্ত রাখতে নজরদারি থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
Md Nasim 








