আগামী বছর থেকে ব্যক্তিশ্রেণির আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলকভাবে অনলাইনে করতে হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান।
রবিবার এনবিআর মিলনায়তনে শুল্কের আধুনিকায়ন ও বাণিজ্য সহজীকরণের লক্ষ্যে চার বছরের কৌশলগত পরিকল্পনা এবং আমদানি-রপ্তানি হাব উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি জানান, করদাতাদের অনলাইন রিটার্ন দাখিলে যেসব সমস্যা রয়েছে, তা চিহ্নিত করে সমাধানের ব্যবস্থা নেওয়া হবে। করপোরেট ট্যাক্সও অনলাইনে দেওয়া যাবে। তবে এর আগে অনলাইনে কর প্রদানের ক্ষেত্রে সব সমস্যার সমাধান করা হবে বলে তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, অর্থনীতিতে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। গত ছয় মাসে রপ্তানি ১৩ শতাংশ এবং জানুয়ারিতে কনটেইনার হ্যান্ডলিং সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, সামনে এগিয়ে যেতে হলে নেতিবাচক বিষয়গুলো দূর করতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, আন্তর্জাতিক বাণিজ্যকে সহজ ও আধুনিক করার লক্ষ্যে সরকার আগামী চার বছরের জন্য শুল্ক ব্যবস্থার কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে। এর মাধ্যমে রাজস্ব আহরণ আরও গতিশীল হবে এবং বাণিজ্যবান্ধব পরিবেশ তৈরি হবে, যা এনবিআর কর্মকর্তাদের কার্যক্ষমতা বাড়াতে সহায়তা করবে।
আল মামুন 














