বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে। আসনগুলো হলো—ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আবেদনের পর নির্বাচনি ট্রাইব্যুনাল ওই তিন আসনের সব ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ সংশ্লিষ্ট নথি হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে।
এর আগে ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের অভিযোগ শুনানির জন্য হাইকোর্টে ‘নির্বাচনি ট্রাইব্যুনাল’ গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেন-এর নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি করবেন।
গত ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
এরপর নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গেজেট জারি করেন। তবে উচ্চ আদালতের নির্দেশনার কারণে এখনো দুটি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করা হয়নি।
Md Nasim 












